দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে কাকা–ভাতিজার মধ্যে সংঘর্ষের সময় ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কাকা ও ভাতিজার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল দেখতে গেলে একটি ইট এসে আরব আলীর মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই চলমান সংঘর্ষ দেখতে গিয়ে তিনি ইটের আঘাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনার পর থেকে মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জে আই